ইরানে সংস্কারপন্থী তিন নেতাসহ গ্রেপ্তার চার
ফাইল ছবি
ইরানের জানুয়ারি মাসের সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে দেশের ‘রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা ভাঙচুরের চেষ্টা’ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘স্বার্থে কাজ করার’ অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ।
রবিবার গ্রেপ্তার হওয়া এই চারজনের মধ্যে তিনজনই পরিচিত সংস্কারপন্থী রাজনীতিক বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। গ্রেপ্তারকৃতরা হলেন—ইরান রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। চতুর্থ ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিজানের বরাতে জানানো হয়, ইরানের বিচার বিভাগ এই গোষ্ঠীর বিরুদ্ধে এমন এক সময়ে ‘রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম সংগঠিত ও পরিচালনার’ অভিযোগ এনেছে, যখন দেশটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘সামরিক হুমকির’ মুখে ছিল।
বিচার বিভাগের দাবি, অভিযুক্তরা রাস্তায় সক্রিয় ‘সন্ত্রাসী শক্তির কর্মকাণ্ডকে’ বৈধতা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন।
ইরান রিফর্ম ফ্রন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, বিচারিক আদেশের ভিত্তিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বাহিনী আজার মানসুরিকে তার বাড়ির দরজা থেকেই গ্রেপ্তার করে।
এ ছাড়া সংগঠনটি জানায়, আইআরজিসি তাদের উপ-চেয়ারম্যান মোহসেন আরমিন এবং সাধারণ সম্পাদক বদরাল সাদাত মোফিদিসহ আরও কয়েকজন শীর্ষ নেতাকে তলব করেছে।
এই গ্রেপ্তারের ঘটনা এমন এক সময় ঘটল, যখন জানুয়ারির সহিংসতায় হাজারো ইরানির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে। রাজধানী তেহরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দ্রুতই সারা দেশে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। তবে ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে এসব ‘দাঙ্গার’ পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিদেশি হস্তক্ষেপকে দায়ী করেছে।
সূত্র: আলজাজিরা