রংপুরে বিএনপি প্রার্থী এমদাদ ভরসার সমর্থনে বিড়ি মালিক-শ্রমিকদের মতবিনিময় সভা
ছবি: প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসার সমর্থনে বিড়ি শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়ন ও লেবেল প্যাকিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে হারাগাছ পৌরগেট সংলগ্ন গফ্ফার চত্ত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী আলী সাদাত খান মজলিস, রংপুর জেলা বিড়ি মালিক সমিতির সহ-সভাপতি ও হারাগাছ পৌরসভার সাবেক মেয়র মামুনুর রশিদ মামুন প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবুল হাসনাত লাবলু, হারাগাছ লেবেল প্যাকিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম।
সভায় বক্তরা বলেন, শ্রমিকরা দেশের উৎপাদন ব্যবস্থার মূল শক্তি। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হলে সবার আগে তাদের কথা শুনতে হবে এবং বাস্তবসম্মত নীতি গ্রহণ করতে হবে। দেশনায়ক তারেক রহমান ছাড়া এ মুহূর্তে দেশে আমাদের আর কোন নির্ভরযোগ্য অভিভাবক নেই। তারেক রহমানই দেশের মানুষের এখন একমাত্র ভরসার স্থল। ধানের শীষে ভোট দিয়ে এমদাদুল হক ভরসাকে এমপি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালে শ্রমিকদের জীবনমান উন্নত হবে।
অনুষ্ঠানে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং লেবেল প্যাকিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।