নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ইটবোঝাই বাল্কহেড ডুবি
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার বক্তাবলী ঘাটের পাশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা নৌ পুলিশ সুপার আলমগীর হোসেন। তিনি জানান, সকালের দিকে ইট নিয়ে বাল্কহেডটি নদীপথে কুমিল্লার দিকে যাচ্ছিল। এসময় পাশ দিয়ে বড় কয়েকটি নৌ যান চলে যাওয়ায় সৃষ্ট ঢেউয়ে এবং অতিরিক্ত ইটবোঝাই হওয়ায় বাল্কহেডটি ডুবে যায়।
তিনি আরও জানান, বাল্কহেডটিতে থাকা ১০-১৫ জন শ্রমিক তাৎক্ষণিকভাবে সাঁতরে পাড়ে চলে আসেন। তারা সবাই সুস্থ আছেন। তবে বাল্কহেডটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।