দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি: উপদেষ্টা

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি: উপদেষ্টা

সংগৃহীত ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এ বাস্তবতায় দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের মূল চাবিকাঠি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকায় ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, ঢাকা সেনানিবাসে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর আয়োজিত “ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প (তৃতীয় পর্যায়)” এর আওতায় সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি)-এর নিকট দুর্যোগ সক্ষমতা বৃদ্ধির সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে মানুষের জান-মাল রক্ষা এবং দুর্যোগ-পরবর্তী দ্রুত পুনরুদ্ধারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা সর্বজনস্বীকৃত।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, হস্তান্তরিত এসব আধুনিক সরঞ্জাম দুর্যোগকালীন সময়ে সশস্ত্র বাহিনীকে আরও দ্রুত, কার্যকর ও নিরাপদভাবে কাজ করতে সহায়তা করবে। বিশেষ করে দূরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনায় এসব যন্ত্রপাতি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আজকের এই সরঞ্জাম হস্তান্তরের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও সুসংহত ও শক্তিশালী হলো বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংস্কারের আওতায় দুর্যোগ সংক্রান্ত সকল কার্যক্রম মন্ত্রণালয়কে কেন্দ্রীয় ভূমিকায় রেখে সমন্বিতভাবে পরিচালনা করা হবে। ইতোমধ্যে এ কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তী সরকার এ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে তিনি জানান।

প্রকল্পের আওতায় সশস্ত্র বাহিনী বিভাগের নিকট হস্তান্তরিত যন্ত্রপাতির মধ্যে রয়েছে- তিনটি হেভি ডোজার (৪৮ টন ক্ষমতাসম্পন্ন), তিনটি ডোজার (২০ টন ক্ষমতাসম্পন্ন) এবং তিনটি ফর্কলিফট।

যন্ত্রপাতিগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত KOMATSU কোম্পানির তৈরি, যা উচ্চ সক্ষমতা, টেকসই গঠন এবং দুর্যোগ পরিস্থিতিতে দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে কাজ করার জন্য বিশেষভাবে উপযোগী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

এর আগে উপদেষ্টা উদ্ধার অভিযানে ব্যবহৃত যানবাহনের চাবি হস্তান্তর করেন এবং পরে হস্তান্তরিত যন্ত্রপাতিসমূহ পরিদর্শন করেন।