বেনাপোল স্থলবন্দর দিয়ে তিন দিন আমদানি-রফতানি বন্ধসহ ভারত ভ্রমণ স্থগিত

বেনাপোল স্থলবন্দর দিয়ে তিন দিন আমদানি-রফতানি বন্ধসহ ভারত ভ্রমণ স্থগিত

সংগ্রহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে টানা তিন দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপারও সাময়িকভাবে স্থগিত থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে এদিন বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী আরিফুর রহমান সাক্ষরিত চিঠিতে বেনাপোলসহ দেশের সব বন্দর দিয়ে ভ্রমনের উপর নিষেধাজ্ঞার চিঠি আসে বন্দর ও ইমিগ্রেশনে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন এবং ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিন ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভারত ভ্রমণও বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে-এমন নির্দেশনার একটি চিঠি আমার দফতরে এসেছে।

পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রফতানি কার্যক্রমও বন্ধ থাকবে।’