রাজশাহীতে বিএনপিকর্মীর ওপর দুর্বৃত্তদের হামলা
প্রতিকি ছবি
রাজশাহীর চারঘাটে দিনে-দুপুরে হামলা চালিয়ে বিরাজ আলী(৪৭) নামে এক বিএনপিকর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বিরাজ আলী(৪৭) একই এলাকার বাসিন্দা। দুর্বৃত্তের হামলায় তার হাতে ও পায়ে গুরুত্বর জখম হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর গ্রামে বিরাজ আলীর একটি দোকান রয়েছে। এর পাশে তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের একটি নির্বাচনী কার্যালয় চালান। বিরাজ আলী ইউনিয়ন বিএনপির সদস্য বলে তিনি হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, বিরাজ আলীর দুই পায়ে হাঁটুর নিচে এবং দুই হাতে ধারালো অস্ত্রের জখম ছিল। অর্থোপেডিক্স চিকিৎসক ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরবর্তীতে অস্ত্রোপচার করা হয়েছে। তার শারীরীক অবস্থা স্থিতিশীল।
হাসপাতালের বিছানায় শুয়ে বিরাজ আলী অভিযোগ করেন, ঘটনার ব্যাপারে আমি কিছুই বুঝতে পারিনি। ঘাস কাটতে যাচ্ছিলাম সাইকেল নিয়ে। জামায়াত-শিবিরের কয়েকজন লোক হেলমেট মাথায় দিয়ে আমাকে কুপিয়ে যাচ্ছে, আমি ঠেকায় যাচ্ছি। ঠেকাতে ঠেকাতে হাত কেটে গেছে। তারপর পা কুপাইতে শুরু করেছে। লোকজন আসার পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আইয়ুব আলী। তিনি বলেন, ঘটনা শুনেছি। উনি ভালো মানুষ। নির্ঝঞ্ঝাট মানুষ হিসেবে পরিচিত। মুখ বেঁধে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। জামায়াতে ইসলামী কোনোভাবেই এ ঘটনায় জড়িত না। এ ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই। দোষী ব্যক্তিদের খুঁজে আইনের আওতায় আনা হোক।