শরীয়তপুরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতকর্মীর কারাদণ্ড

শরীয়তপুরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতকর্মীর কারাদণ্ড

ফাইল ছবি

শরীয়তপুরে যৌথবাহিনীর অভিযানে সাত লাখ টাকাসহ স্থানীয় এক জামায়াতকর্মীকে আটকের ঘটনায় দুই বছরের কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নড়িয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) লাকি দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাকা বিতরণের খবর পেয়ে একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত ও যৌথবাহিনী সদস্যরা অভিযান চালায়। এসময় স্থানীয় একটি প্রাইমারি স্কুলের শিক্ষক ও জামায়াত ইসলামের কর্মী গোলাম মোস্তফাকে টাকাসহ আটক করে। 

তিনি আরও বলেন, আটক গোলাম মোস্তফা শরীয়তপুর-২ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ডা. মহমুদ হোসেন বকাউল এর কর্মী। পরে জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরতদের জন্য এই টাকা এনে বিতরণ করছিলেন বলে স্বীকার করেছেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কারাদণ্ডের পাশাপাশি তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো মন্তব্য করেনি। 

নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি অভিযোগ করেন, সকাল থেকেই মহিলা কর্মীরা এই এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে টাকা বিতরণ করেছেন। দলে  পক্ষ থেকে এই ঘটনায় তীব্র নিন্দা  ও প্রতিবাদ জানাই।