রাতে ১১ দলীয় প্রার্থীর এজেন্ট কেন্দ্রে, প্রতিবাদে প্রিসাইডিং অফিসারকে মারধর

রাতে ১১ দলীয় প্রার্থীর এজেন্ট কেন্দ্রে, প্রতিবাদে প্রিসাইডিং অফিসারকে মারধর

প্রতিকী ছবি

সিলেটের বালাগঞ্জ উপজেলায় রাতের বেলায় প্রার্থীর এজেন্টের কেন্দ্রে প্রবেশ করাকে ঘিরে কেন্দ্রের ভেতরেই এক প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়ায় ওই প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও নির্বাচন-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের এক এজেন্ট বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন।

খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিকের অনুসারীরা সেখানে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। রাতে বেলায় প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে কেন ঢুকতে দেওয়া হল তা নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিএনপির উত্তেজিত কিছু কর্মী প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন।

রাত একটার দিকে বিএনপির প্রার্থী এম এ মালিকের গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে জানায়, মহিশাষী ভোট কেন্দ্রে একটি গোষ্ঠী ভোট ডাকাতির চেষ্টা চালায়।

ঘটনার খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিক সেখানে যাচ্ছেন।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম জানান, রাতের বেলা কেন্দ্রের ভেতরে যাওয়ার কারও সুযোগ নেই। প্রিসাইডিং কর্মকর্তা কেন প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দিলেন, সেজন্য তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনাও দেওয়া হয়েছে।