রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি খেলেন ফ্রান্সের রাষ্ট্রদূত
সংগৃহীত
রাজশাহীতে এসে মিষ্টিমুখ করলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লে। এর আগে তিনি সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকা থেকে বিমানে রাজশাহীতে এসে পৌঁছান। সন্ধ্যায় তিনি নগরীর গণকপাড়ায় অবস্থিত রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারে আসেন।
ব্রিটিশ আমলের এই দোকানে রাষ্ট্রদূত বিভিন্ন রকম মিষ্টির স্বাদ নেন। তিনি কমলাভোগ, গুড়ের তৈরি সন্দেশ, প্যারা সন্দেশ, দধিয়া, মুণ্ডা ও দই খান। তবে কমলাভোগের প্রশংসা করেন।
এ সময় মিষ্টি নিয়ে তার সঙ্গে কথা বলেন রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডারের পরিচালক ফয়সাল বিন মাহবুব। মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী মাহবুব আলম ও প্রধান ব্যবস্থাপক গণেষ পাল সেখানে উপস্থিত ছিলেন।
১৯৩৬ সালে রাজশাহী মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬ সাল থেকে মাহবুব আলম মিষ্টির ব্যবসা পরিচালনা করে আসছেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাজশাহীতে ভ্রমণে এসে এই দোকানের মিষ্টি খেয়েছিলেন।