পাকিস্তানের সাবেক ক্রিকেটারকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন হরভজন সিং

পাকিস্তানের সাবেক ক্রিকেটারকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন হরভজন সিং

ছবি: সংগৃহীত

আইএলটি২০–তে সম্প্রচারক হিসেবে দায়িত্ব পালন করার সময় পাকিস্তানি এক ক্রিকেটারকে সাক্ষাৎকার নেওয়া নিয়ে করা মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তার সমালোচনার লক্ষ্য ছিলেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ।

২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে পাকিস্তানের হয়ে পাঁচটি টেস্ট, দুটি ওয়ানডে ও একটি টি–টোয়েন্টি খেলেছেন তানভির। বর্তমানে তিনি বিভিন্ন টিভি চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে নিয়মিত হাজির হন।

আইএলটি২০ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়া পাকিস্তানি স্পিনার উসমান তারিকের সাক্ষাৎকার নিয়েছিলেন হরভজন। সেই সাক্ষাৎকার নেওয়া নিয়েই তানভির মন্তব্য করেন বলে জানান হারভজন। বিষয়টি ভালোভাবে নেননি ভারতীয় এই সাবেক ক্রিকেটার।

নিজের ইউটিউব চ্যানেলে হারভজন বলেন, সম্প্রচারকের দায়িত্ব অনুযায়ীই তিনি প্রশ্ন করেছিলেন। “ম্যান অব দ্য ম্যাচ হলে তাকে প্রশ্ন করাই স্বাভাবিক। কিন্তু সেটি নিয়েই আপত্তি তোলা হয়েছে। প্রশ্ন না করলে আবার বলা হতো, সে পাকিস্তানি বলে প্রশ্ন করা হয়নি,” ব্যাখ্যা দেন তিনি।

হারভজন আরও দাবি করেন, পাকিস্তানের বড় মাপের কিংবদন্তি ক্রিকেটাররা কখনো এ ধরনের মন্তব্য করেন না। তবে কম সাফল্য পাওয়া কিছু সাবেক ক্রিকেটার এভাবে অযথা বিতর্ক তৈরি করেন বলেও ইঙ্গিত দেন তিনি।