নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মার্কো রুবিও লেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলনেতা তারেক রহমানসহ বাংলাদেশের জনগণকে অভিনন্দন।

একইসঙ্গে আঞ্চলিক সমৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানায় মার্কিন দূতাবাস।

এতে বলা হয়েছে, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’

এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তারেক রহমান ও বিএনপিকে নির্বাচনে জয়ে অভিনন্দন জানিয়েছেন।