ভারতে একদিনে রেকর্ড মৃত্যু প্রায় ৪ হাজার, আক্রান্ত ৪ লাখের বেশি
গত ২৪ ঘন্টায় ভারতে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের- সংগৃহীত ছবি
ভারতে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবারও ৪ লাখ ছাড়াল। এই নিয়ে তৃতীয় বার দেশটিতে দৈনিক আক্রান্ত ৪ লাখের গণ্ডি পার করল। গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জন সংক্রমিত হয়েছেন। যা একদিনে আক্রান্তের পরিসংখ্যানে সবথেকে বেশি। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ১৪ লক্ষ ৯১ হাজার ৫৯৮ জন।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতে দৈনিক মৃত্যুকেও পৌঁছে দিয়েছে ৪ হাজারের দোরগোড়ায়। বৃহস্পতিবার দেশে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৮০ জনের। শুক্রবার তা ৩ হাজার ৯১৫। করোনা আক্রান্ত হয়ে ভারতে মোট প্রাণ গেছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জনের। মোট মৃত্যুর সংখ্যায় মেক্সিকোকে পিছনে ফেলে এই মুহূর্তে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত।
করোনা অতিমারি পরিস্থিতিতে বিশ্বে সবথেকে খারাপ অবস্থা এখন ভারতের। রোজ সে সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছেন এবং যে সংখ্যক রোগীর মৃত্যু হচ্ছে ভারতে, তা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এমনকি এই সংখ্যায় আক্রান্ত এবং মৃত্যু কোভিডের কারণে বিশ্বের কোনও দেশেই হয়নি। বিপুল আক্রান্তের জেরে সক্রিয় রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে দেশটিতে। যা স্বাস্থ্যব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪ জন। -আনন্দবাজার