টঙ্গীতে যুবলীগ নেতা বিল্লাল মোল্লা গ্রেফতার

টঙ্গীতে যুবলীগ নেতা বিল্লাল মোল্লা গ্রেফতার

প্রতিকি ছবি

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লাকে (৪৬) পুলিশ গ্রেফতার করেছে।

গত রবিবার রাতে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেন। পরে বর্হিগমন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে গাজীপুর গোয়েন্দা শাখা (ডিবি) অফিসে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃত বিল্লাল মোল্লা টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া মোল্লাবাড়ি এলাকার মৃত মমিন উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলার আসামি বিল্লাল হোসেন মোল্লা গোপনে দেশ ছেড়ে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পরে থানায় আইনী প্রক্রিয়া শেষে বিল্লাল হোসেন মোল্লাকে গাজীপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ডিবি দক্ষিণ) ওসি সৈয়দ মিজানুর রহমান জানিয়েছেন, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।