এথেন্সের হোটেলে মিলল ‘তেহরান’ সিরিজের প্রযোজকের লাশ
সংগৃহীত ছবি
জনপ্রিয় গোয়েন্দা সিরিজ ‘তেহরান’-এর এক ইসরায়েলি প্রযোজক গ্রিসের রাজধানী এথেন্সের একটি হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে দেখা হচ্ছে।
নিহত প্রযোজকের নাম ডানা এডেন। তার বয়স ছিল ৫২ বছর। রবিবার তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের এক সদস্য বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে না পেয়ে কর্তৃপক্ষকে জানান। পরে হোটেল কক্ষে তার মরদেহ পাওয়া যায়।
পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে কিছু ওষুধের বড়ি পাওয়া গেছে। ময়নাতদন্তকারী চিকিৎসক তার গলায় আঘাতের চিহ্নও দেখতে পান। তবে প্রমাণ ও সাক্ষ্য অনুযায়ী, পুলিশ আপাতত ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই বিবেচনা করছে। তদন্ত এখনো চলছে।
ডানা এডেন জনপ্রিয় টিভি সিরিজ ‘তেহরান’-এর প্রযোজক ছিলেন। তিনি সিরিজটির চতুর্থ সিজনের শুটিংয়ের কাজে গ্রিসে গিয়েছিলেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম কান।
প্রযোজনা প্রতিষ্ঠান ডোনা অ্যান্ড শুলা প্রোডাকশন্সএক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। তারা বলেছে, পরিবার, বন্ধু ও সহকর্মীদের জন্য এটি বড় দুঃখের সময়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে, এই মৃত্যু নিয়ে যে অপরাধমূলক বা জাতীয়তাবাদী গুজব ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়। তারা সবাইকে যাচাই না করা তথ্য প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে।
গ্রিক পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।