চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, প্রাণনাশের হুমকি

চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, প্রাণনাশের হুমকি

প্রতিকি ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাতে ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা ও পলিথিনে মোড়ানো দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে দুর্বৃত্তরা একটি চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকিও দিয়েছে।

ভুক্তভোগী চেয়ারম্যান জানান, রাত ১১টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে তিনি প্রতিবেশী ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দুটি চকলেট বোমা ও দাফনের কাপড় উদ্ধার করেন। তবে কারা বা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। মফিজুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটে চেয়ারম্যানকে উদ্দেশ করে নানা হুমকিমূলক কথা লেখা ছিল। সেখানে তাকে হত্যার হুমকি দিয়ে বলা হয়, তার জন্য ‘একজন সৈনিকই যথেষ্ট’।

মতলব উত্তর থানার এএসআই মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও দাফনের কাপড়সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।

মতলব উত্তর থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও কিছু আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার পেছনের কারণ উদঘাটন করা হবে।