বগুড়ায় কিশোর আলিফ হত্যার প্রধান আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
বগুড়া শহরের নিশিন্দারা এলাকার কিশোর আলিফ (১৬) হত্যার প্রধান আসামি রাশেদ হোসেন ওরফে ডিম পোচ রাশেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাশেদ হোসেন বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে।
এর আগে গত শুক্রবার বেলা ১১টার দিকে শহরের নিশিন্দারা এলাকায় নিজ বাড়ির গ্যারেজ থেকে আলিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ে ব্যর্থ হয়ে আলিফকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে রাশেদ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।