রাজধানীর কামরাঙ্গীর চরে বাসায় ঝুলছিল নারীর লাশ
প্রতিকী ছবি
রাজধানীর কামরাঙ্গীর চর এলাকার একটি ভাড়া বাসা থেকে জান্নাত ইসলাম (২০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, পারিবারিক কলহ থেকে সে আত্মহত্যা করে থাকতে পারে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আচার ওয়ালাঘাট এলাকার ৬নং গলির একটি ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের বরাত দিয়ে কামরাঙ্গীর চর থানা পুলিশ জানায়, জান্নাতের জন্য দুধ কিনতে সকালে তার মা বাজারে যান।
ফিরে দেখেন জান্নাতের কক্ষ ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় জান্নাত সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল।
জান্নাতের ভাই ওমর ফারুক জানান, সাড়ে ৮ মাস আগে টুটুল নামে এক ব্যক্তির সঙ্গে জান্নাতের বিয়ে হয়।
আগে ব্যবসা থাকলেও বর্তমানে টুটুল এক দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর সম্পর্ক খারাপ হতে থাকে। জান্নাতকে মানসিকভাবে নির্যাতন করত টুটুল। সোমবার স্বামীর ওপর রাগ করে সে বাবার বাসায় চলে আসে।
হয়তো নির্যাতনের কারণে সেই আত্মহত্যা করে থাকতে পারে।
কামরাঙ্গীর চর থানার এসআই সামিউল হক কালের কণ্ঠকে বলেন, অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করে।
প্রাথমিকভাবে দেখে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে পারিবারিক কলহ দাবি করা হলেও প্রতিবেশীরা বলছেন জান্নাত মানসিক রোগী ছিলেন।
এ ঘটনায় তদন্ত অব্যাহত।