নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের কনিকাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. খায়ের মিয়া কনিকাড়া গ্রামের হাজী মন্তু মিয়ার ছেলে।

জানা যায়, রাস্তা পারাপারের সময় হঠাৎ একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে খায়ের মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যায়।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর চালক পালিয়ে গেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।