বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: শিবির সভাপতি
ছবিঃ সংগৃহীত।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্বনির্ভর, ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে যশোর পৌর কমিউনিটি সেন্টারে সংগঠনের শহর কমিটির উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহর সভাপতি উবায়দুল্লাহ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জাহেলি আঁধার পেরিয়ে আজ আমরা দিন বদলের নতুন বাঁকে এসে পৌঁছেছি। এ দেশের তরুণ সমাজকে মেধা, চরিত্র ও নৈতিক সততার পরাকাষ্ঠা প্রদর্শন করে এক নতুন আজাদির ডাকে সাড়া দিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, কেন্দ্রীয় স্কুল সম্পাদক ডা. জাহেদ আহমেদ এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম। এ সময় সংগঠনের যশোর, মাগুরা ও নড়াইল জেলার নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা কর্মীদের পড়াশোনার পাশাপাশি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।