চাঁপাইনবাবগঞ্জে ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে তেলবাহী চারটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় রহনপুর-রাজশাহী রুটে প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আমনুরা প্ল্যাটফর্মের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন সকাল ১০টার দিকে উদ্ধারকাজে পৌঁছায়। তবে উদ্ধার কার্যক্রম শুরুর কিছুক্ষণের মধ্যেই রিলিফ ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে।
এই জোড়া দুর্ঘটনার ফলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মধ্যে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয় এবং সকাল থেকেই যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
পরে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হলে বিকেল ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আমনুরা স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওয়াগন লাইনচ্যুতির পর রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষ হলে প্রায় ১০ ঘণ্টা পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।’
এদিকে স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই স্থানে একাধিকবার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। তবে রেল কর্তৃপক্ষ কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন।