ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু
প্রতিকী ছবি
জয়পুরহাটে ভটভটি উল্টে রাসেল মন্ডল (৩৫) নামে এক ব্যবসায়ী মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট–বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মন্ডল জয়পুরহাট সদর উপজেলার জামালপুর পালপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম লিটন মন্ডল।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি রফিকুল ইসলাম জানান, রাসেল জয়পুরহাট থেকে ভাঙারির মালামাল নিয়ে ভটভটিতে করে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কালাই উপজেলার পুনট এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে রাসেল মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় ভটভটির চালক আহত হয়েছেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।