ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
শেয়ার বাজার নিয়ে সরকারের বড় ধরনের পরিকল্পনা রয়েছে। সেগুলো বাস্তবায়িত হলে বিপ্লব ঘটতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি আশা প্রকাশ করে বলেন, শুধু শেয়ার বাজার নয়, এর সঙ্গে বাংলাদেশের সার্বিক ব্যাবসা-বাণিজ্য, শিল্পের বিনিয়োগ বড় আকারে বৃদ্ধি পাবে। যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানি ও উৎপাদন বাড়বে এবং দ্রব্যমূল্যে স্থিতিশীলতা আসবে।
শুক্রবার চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আমীর খসরু।
দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইনডিকেটরগুলো দেখাচ্ছে, এখন দারিদ্র্য বাড়ছে, বিনিয়োগ কমছে, কর্মসংস্থান কমে যাচ্ছে, প্রাইভেট সেক্টর মূলধনি আমদানি কমিয়ে দিয়েছে, ঋণ কম নিচ্ছে। বড় ধরনের পদক্ষেপ নিয়ে এখান থেকে অর্থনীতিকে মুক্ত করতে চাই, জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে চাই।’
শেয়ার বাজারে আস্থা ফেরাতে চান অর্থমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, শেয়ার বাজার আগের চেয়ে একটু বেড়েছে, এটি নিশ্চয় সুখবর। তবে এই বৃদ্ধি দিয়ে শেয়ার বাজার চাঙ্গা হবে না। শেয়ার বাজারে পূর্ণাঙ্গ একটি পরিবর্তন আনতে হবে। কিছু আইন-কানুন পরিবর্তন করে শেয়ার বাজারের পরিবেশ সৃষ্টি করে মানুষকে বিনিয়োগে উৎসাহিত করা হবে।
বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘গতানুগতিক বাজেট করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি, বাংলাদেশের বাজেট এমন হবে, যেখানে দেশের জনগণ অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ পাবে, একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। বাজেটের পরিপ্রেক্ষিতে অর্থনীতির উন্নয়ন ও সুফল জনগণের কাছে পৌঁছাতে হবে, এটাই লক্ষ্য।’
অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দরকে গতিশীল করতে বন্দরে সেবাদানকারী বিভিন্ন পক্ষের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর শুক্রবার প্রথমবার চট্টগ্রামে যান আমীর খসরু। তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে ভিড় করেন বিএনপির শত শত নেতাকর্মী।