টেকনাফে পাচারকালে ৫৫ জন উদ্ধার, আটক ৫

টেকনাফে পাচারকালে ৫৫ জন উদ্ধার, আটক ৫

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচজন কথিত মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কয়েকজন ব্যক্তি টেকনাফের বাহারছড়া সমুদ্র এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ যৌথভাবে বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক নৌকাকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে নৌকাটি আটক করা হয়।

তল্লাশি করে নৌকায় নারী ও শিশুসহ ৫৫ জনকে উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারচক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি ও কম খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছিল।

উদ্ধার ব্যক্তিদের সহায়তা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।