শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেফতার
প্রতিকি ছবি
শিশু গৃহকর্মীকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা ও শারীরিক নির্যাতনের অভিযোগে জাহিদুল ইসলাম (৩৪) নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের স্ত্রী কৌশলে পালিয়ে গেছেন।
রবিবার দুপুরে আশুলিয়া থানা-র স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার দিবাগত রাতে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার আশিক ভিলা নামের একটি বাসা থেকে ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়।
নির্যাতনের শিকার শিশুটির নাম সামিয়া আক্তার (১০)। সে পাবনা জেলার আমিনপুর থানার সিন্দুরীয়া গ্রামের রজব আলীর মেয়ে। প্রায় ১১ মাস ধরে সে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ডা. জাহিদুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করছিল।
পুলিশ জানায়, শনিবার রাতে নির্যাতনের শিকার হয়ে শিশুটি বাসা থেকে পালিয়ে আসে এবং পথচারীদের কাছে ঘটনাটি জানায়। পরে পথচারীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের সত্যতা পায়। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী সামিয়া জানায়, প্রথম এক মাস তাকে মারধর করা হয়নি। তবে পরবর্তী ১০ মাস ধরে তাকে নিয়মিত মারধর ও গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। এতে তার মুখ, হাত-পা ও পিঠে গুরুতর দাগ ও রক্ত জমাট বাঁধার চিহ্ন রয়েছে।
অভিযুক্ত জাহিদুল ইসলাম সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুবেল হাওলাদার বলেন, শিশু গৃহকর্মীকে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। তার স্ত্রী পলাতক রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।