দিনাজপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে: সংসদ সদস্য মনজুরুল
সংগৃহীত ছবি
দিনাজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।’
রবিবার বীরগঞ্জের ভোগনগড় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মনজুরুল ইসলাম আরও বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করছে, তাই মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আশ্বাস দেন, এলাকার উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা জনগণের পাশে থাকবেন। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি, উপজেলা বিএনপির সদস্য দুলাল মিয়া, ভোগনগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ও ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক একেএম জাকারিয়া জাকির, ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েলসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা, ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা।