নারায়ণগঞ্জে বুকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের বন্দরে বুকে পিস্তল ঠেকিয়ে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে বন্দরের লক্ষণখোলার পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট কর্মী রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।
রনি বলেন, ‘সকালে বাসা থেকে অফিসে যাচ্ছিলাম। পথে লক্ষণখোলা পাতাকাটাস্ট্যান্ড এলাকায় আসামাত্র দুজন দুর্বৃত্ত পথরোধ করে। একজন আমার বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। এ সময় আমার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তারা একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।’
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে। এখনও এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।