চোট পেলে আপাতত দেখার কেউ নেই

চোট পেলে আপাতত দেখার কেউ নেই

সংগৃহীত ছবি

ক্রীড়া প্রতিবেদক : আধুনিক ফুটবলে ফিজিও ছাড়া কোনো দল কল্পনাই করা যায় না। কোনো খেলোয়াড় চোট পেলে ধাপে ধাপে মাঠে ফিরিয়ে আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে থাকেন একজন ফিজিও-ই। তিনিই ঠিক করে দেন চোটগ্রস্ত একজন খেলোয়াড় কখন দৌড় শুরু করবেন বা কখন বল নিয়ে অনুশীলন করবেন। পুনর্বাসন প্রক্রিয়ার পর খেলোয়াড় কখন ম্যাচে ফেরার জন্য প্রস্তুত, সে ছাড়পত্রও ফিজিও দেন।

অথচ অবিশ্বাস্য হলেও সত্য, প্রথমবার এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে নেই কোনো ফিজিও! সিডনিতে গত দুই দিন ফিজিও ছাড়াই অনুশীলন হয়েছে। অনুশীলনে কেউ চোটে পড়লে তাই আপাতত দেখার কেউ নেই সেখানে।

বাফুফের দেওয়া খেলোয়াড় তালিকায় ফিজিও হিসেবে নাম ছিল জাকিয়া রহমানের। কিন্তু তিনি দলের সঙ্গে যেতে পারেননি।

ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, স্বাস্থ্যজনিত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন জাকিয়া। সম্প্রতি অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করাতে হয়েছে তাঁকে। তাঁর বদলি হিসেবেও কাউকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়নি। জানা গেছে, তড়িঘড়ি করে এখন অস্ট্রেলিয়ায় ফিজিও খুঁজছে বাফুফে।

কারণ মূল আসরে প্রতিটি দলে ফিজিও থাকা বাধ্যতামূলক। এর আগে অবশ্য ঢাকা ও চট্টগ্রামে হওয়া ক্যাম্পে সার্বক্ষণিক দলের সঙ্গে একজন ফিজিও ছিলেন। কিন্তু ইতিহাস রচনার আসরে ফিজিও নিশ্চিত না করেই অস্ট্রেলিয়ায় দল পাঠিয়েছে বাফুফে। 

এদিকে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে গতকালও সকালের আলো ঝলমলে রোদে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এদিন দুই দলে ভাগ হয়ে ম্যাচ খেলেছেন মেয়েরা।

দলে নতুন আসা সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় আছেন। তবে সিডনির ২৮ ডিগ্রি সেলসিয়াস গরমে নিজের একটু সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি, ‘এখানে প্রচুর গরম, তবে আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন এটি আরো উন্নত হচ্ছে।  আর হ্যাঁ, দলের সবার মধ্যকার বোঝাপড়াও ভালো হচ্ছে।’