শিক্ষা অফিসারে পদোন্নতি পেলেন মাউশির ৮২ কর্মচারী

শিক্ষা অফিসারে পদোন্নতি পেলেন মাউশির ৮২ কর্মচারী

ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও এর আওতাধীন প্রতিষ্ঠানের ৮২ কর্মচারীকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তরা ১০ম গ্রেডে উন্নীত হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ২০২৪ সালের ৪ সেপ্টেম্বরের স্মারকের সুপারিশের ভিত্তিতে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী এই পদোন্নতি কার্যকর করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতনক্রমে (২য় শ্রেণি, গ্রেড-১০) ‘সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার’ পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে ৮২ কর্মচারীর নামের পাশে কর্মস্থল উল্লেখ করে দায়িত্ব প্রদান করা হয়।

এরআগে তারা সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষকসহ বিভিন্ন প্রশাসনিক পদে কর্মরত ছিলেন।

নতুন দায়িত্ব পালনের মাধ্যমে মাঠপর্যায়ে মাধ্যমিক শিক্ষাব্যবস্থার তদারকি ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।