চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা থেকে সালমা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বামীর বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সালমা ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাটাইডুবী গ্রামের নূর আলম ওরফে তপনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।
পুলিশ জানায়, সোমবার বিকেলে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের ছাদের বাঁশের তীরের (আড়া) সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মরেদহ উদ্ধারের সময় সালমার স্বামী, শ্বশুর বা অন্য কেউ ওই বাড়িতে ছিলেন না।
সালমার বাবা একই ইউনিয়নের দশরশিয়া পাইকড়পাড়া গ্রামের মো. মহিউদ্দিন জানান, সোমবার দুপুর সোয়া ১টার দিকে সালমার শ্বশুর ফোনে সালমার অসুস্থতার খবর দেন। পরে তারা সালমার শ্বশুরবাড়িতে এসে দেখেন বাড়ির দরজা খোলা ও কোনো লোকজন নেই এবং মেয়ের মরদেহ ঝুলছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
সদর থানার ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সেকেন্দার আলী বলেন, ‘প্রাথমিকভাবে মরদেহে বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সালমা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় সালমার পিতা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।’