চট্টগ্রামে ভেজাল সেমাই তৈরি, জরিমানা
ফাইল ছবি
চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান ফুড প্রোডাক্টস এন্ড রফিক ফুড প্রোডাক্টসকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিমন্মানের সেমাই উৎপাদন, খাদ্যপণ্য লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ ও অসত্য লেবেলিং ব্যবহারসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম মেট্রোপলিটন কার্যালয়ের পরিচালক ফরহান ইসলাম বলেন, দুই প্রতিষ্ঠানকে ২০ লাখ বিশ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
এদিকে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি ও বিক্রি করার দায়ে দুই হোটেলকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নগরের পাঠানটুলী চৌমুহনী মোড় এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি, খাবারে ক্ষতিকর টেস্টিং সল্ট ব্যবহার করা ও রাস্তা দখল করে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর ভাবে ইফতারি বিক্রি করার অপরাধে পাঠানটুলী চৌমুহনী মোড়ের হানিফ হোটেলকে ১০ হাজার টাকা ও মাওলানা হোটেল এন্ড বিরানী হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।