সাগরে ডাকাতের কবলে তিন ট্রলার, এক জেলে গুলিবিদ্ধ

সাগরে ডাকাতের কবলে তিন ট্রলার, এক জেলে গুলিবিদ্ধ

প্রতিকি ছবি

বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে ডাকাতির (জলদস্যু) কবলে পড়েছে চট্টগ্রামের আনোয়ারার তিনটি ট্রলার। গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিম সাগরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক জেলে গুলিবিদ্ধ এবং আরও কয়েকজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ ওই জেলের নাম মনির আহমদ।

ডাকাতের কবলে পড়া তিনটি ট্রলারের মালিক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার বাসিন্দা। ট্রলার তিনটির মালিক মো. তৈয়ব আলী, মো. ফেরদৌস ও জসিম উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার ভোরে এসব ট্রলারে মাছ ধরতে সাগরে গিয়েছিলেন জেলেরা। মঙ্গলবার গভীর রাতে জলদস্যুরা হঠাৎ ট্রলারগুলোয় আক্রমণ করে। পরে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ট্রলারের বিভিন্ন সরঞ্জাম লুট করে। এ সময় জলদস্যুরা একজনকে গুলি করে এবং কয়েজনকে মারধর করে আহত করা হয়। বুধবার দুপুরে ট্রলারটি আনোয়ারা উপকূলে এসেছে। গুলিবিদ্ধ জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বার আউলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কায়সার হামিদ বলেন, সাগরে মাছ ধরার ট্রলারে জলদস্যুর হামলার কথা শুনে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে টহল দিয়েছে। পরে জেলেদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।