চট্টগ্রামে ডিবেট প্রিমিয়ার লিগের দশম আসরের নিলাম

চট্টগ্রামে ডিবেট প্রিমিয়ার লিগের দশম আসরের নিলাম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ডিবেট প্রিমিয়ার লিগের (ডিপিএল) দশম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নিলাম আয়োজন করা হয়। সাউথইস্ট ব্যাংকের পৃষ্টপোষকতায় ডিপিএল-এর এই আসরটি আয়োজন করছে দৃষ্টি চট্টগ্রাম। আগামী ৬ মার্চ এ প্রতিযোগিতা শুরু হবে, চলবে ১৩ মার্চ পর্যন্ত।

এবারের ডিপিএলে অংশ নিচ্ছে আটটি ফ্রাঞ্চাইজি দল। দলগুলো হচ্ছে পাইরেটস অব চকবাজার, লালখানবাজার খানস, আগ্রাবাদ এরিস্টোক্রেট, দেওয়ানবাজার স্পাইডারস, প্রবর্তক লিজেন্ডস, জামালখান ক্রিস্টালস, চান্দগাঁও টাইগারস ও ভাটিয়ারী রয়েলস। 

নিলামে বিতার্কিকদের চারটি পুল থেকে নির্বাচন করা হয়। নিলামে ৬০ জন বিতার্কিকের মধ্য থেকে ৩২ বিতার্কিককে ৮ জন ম্যানেজার নিজ নিজ ফ্রাঞ্চাইজে অন্তর্ভুক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নিলাম উদ্বোধন করেন সাউথ ইস্ট ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রাশেদুল আমিন রাশেদ। অতিথি ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ইসরাফিল খসরু, পিটুপি-এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম আলভী, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম বাকি মাসুদ, কনফিডেন্স সল্ট-এর চিফ মার্কেটিং অফিসার সর্দার নওশাদ ইমতিয়াজ ও মালা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল আলম খান। 

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দৃষ্টির নির্বাহী সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আদনান মাননান।

আরও বক্তব্য রাখেন দৃষ্টির সাবেক সভাপতি কসশাফুল হক শেহজাদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না, প্রধান সমন্বয়কারী মুন্না মজুমদার, সাবেক বিতর্ক সম্পাদক হোসাইন সামি, নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মুজিবুল হক, নির্বাহী কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান মনি।