পদ্মায় ট্রলারের ধাক্কা, জালের ভেতর মিলল জেলের নিথর দেহ

পদ্মায় ট্রলারের ধাক্কা, জালের ভেতর মিলল জেলের নিথর দেহ

প্রতিকি ছবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে ট্রলারের ধাক্কায় নদীতে পড়ে ধীরেন্দ্রনাথ মন্ডল (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার রাত আটটার দিকে মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া ফুলতলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় আধাঘণ্টা পর নদীতে ফেলা নিজের জাল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ধীরেন্দ্রনাথ মহিষালবাড়ী রেলবাজার গুড়িপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তার সঙ্গে নদীতে তার ছেলেও ছিলেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সেদিনও ছেলে নিয়ে ছোট নৌকায় করে পদ্মায় মাছ ধরতে যান ধীরেন্দ্রনাথ। রাত আটটার দিকে হঠাৎ একটি অজ্ঞাত ট্রলার তাদের নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি দুলে ওঠে এবং বাবা-ছেলে দুজনই নদীতে পড়ে যান। তার ছেলে সাঁতরে কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও ধীরেন্দ্রনাথ স্রোতে তলিয়ে যান।

খবর পেয়ে আশপাশের জেলেরা তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে রাজশাহী নৌ পুলিশের গোদাগাড়ী ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। একপর্যায়ে নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় ধীরেন্দ্রনাথের মরদেহ উদ্ধার করা হয়।

গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ট্রলারের ধাক্কাতেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। পুলিশ অপমৃত্যুর মামলা করেছে। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।