চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিকি ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় চাঞ্চল্যকর মোহাম্মদ মুজিব হত্যা মামলার আসামি নাঈমকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার নগরীর বায়েজিদ মাজার গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, মোহাম্মদ মুজিব হত্যার পর থেকে রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণসহ প্রযুক্তিনির্ভর নানা পদক্ষেপ নেওয়া হয়। বুধবার রাতে বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালানো হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা সোয়া সাতটার দিকে পূর্ব বিরোধের জেরে কতিপয় দুর্বৃত্ত মোহাম্মদ মুজিবকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাউজান থানায় হত্যা মামলা করেন।