গোডাউন থেকে সাত লাখ টাকার সয়াবিন তেল ও চাল লুটের অভিযোগ

গোডাউন থেকে সাত লাখ টাকার সয়াবিন তেল ও চাল লুটের অভিযোগ

প্রতীকি ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একটি গুদামের তালা ভেঙে প্রায় ৭ লাখ টাকার সয়াবিন তেল ও চিনিগুড়া চাল লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলা সদরের বাওয়ার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. আশরাফুল আলম বাওয়ার রোড এলাকায় একটি গুদাম ভাড়া নিয়ে ‘ফেরদৌসী আলম এন্টারপ্রাইজ’ নামে সরবরাহকারীর ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে তিনি গুদাম বন্ধ করে বাড়ি চলে যান।

রাত পৌনে দুইটার দিকে স্থানীয় বাসিন্দা মাসুম মিয়া তাঁর অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রিকশা খুঁজতে বের হন। এ সময় গুদামের সামনে ৭-৮ জন মুখোশধারীকে দেখতে পান, যারা ট্রাকে তেল ও চাল তুলছিলেন। বিষয়টি দেখে ফেলায় দুর্বৃত্তরা মাসুমের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তাঁর বাম হাতে গুরুতর জখম হয়।

পরে তাঁকে গুদামের ভেতরে আটকে রাখা হয়। লুটপাট শেষে ডাকাতরা তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়।

মাসুমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তিনি আহত অবস্থাতেই একটি ভ্যানে করে তাঁর বাবাকে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে নিয়ে যান।

এদিকে শুক্রবার সকালে গুদাম মালিক ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বরকত উল্লাহ সরকারের মাধ্যমে খবর পেয়ে আশরাফুল আলম গুদামে গিয়ে দেখেন, ১৫০ কার্টন সয়াবিন তেল ও ১৫ বস্তা চিনিগুড়া চাল লুট হয়েছে।

ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা বলে তিনি দাবি করেন। এছাড়াও এ ঘটনায় তিনি গতকাল শুক্রবার মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।’