নোয়াখালী সরকারি কলেজে ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এক আন্তরিক ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা শহর মাইজদী হাউজিং এলাকার একটি রেস্টুরেন্টে এ মিলাদ মাহফিল, আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজটির সাবেক উপাধ্যক্ষ ও ফেনী ফুলগাজী সরকারি কলেজ-এর অধ্যক্ষ ড. লোকমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান গোলাম মাওলা, বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট আইনজীবী ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট বরকত উল্লাহ রাশেদ প্রমুখ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ও কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিভাগের বর্তমান শিক্ষার্থী সুমন, কাজী আশরাফ, আজিজ, আমির ও সাকিবসহ অন্যান্য সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।