কামারখন্দে ডাকাত সর্দারকে পুলিশে দিলেন স্বজনরা

কামারখন্দে ডাকাত সর্দারকে পুলিশে দিলেন স্বজনরা

প্রতিকি ছবি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক আন্তজেলা ডাকাত সর্দারকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তারই স্বজনরা। রবিবার (১ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার রাশেদুল ইসলাম ওরফে কেচু (৩৮) উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ডাকাত সর্দার রাশেদুল ইসলাম ওরফে কেচু নিজ বাড়িতে থাকতেন না। স্থানীয় লোকজন ও স্বজনরাও তার কার্যক্রমে অতিষ্ঠ ছিল। গতকাল তিনি বাড়িতে এলে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে আটকে রেখে জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, আজ হাসপাতাল ছাড়পত্র দেওয়ার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ডাকাত সর্দার রাশেদুল ইসলাম ওরফে কেচুর বিরুদ্ধে কামারখন্দসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, খুন, দস্যুতা, অপহরণ, মাদকসহ ১৫টি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।