উন্নয়নের জন্য কারো দ্বারে যেতে হবে না : আনিসুর রহমান

উন্নয়নের জন্য কারো দ্বারে যেতে হবে না : আনিসুর রহমান

সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন। তিনি সুস্থ থাকলে এবং রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হলে উন্নয়নের জন্য জনগণকে আর কারো দ্বারে যেতে হবে না। আমরাই জনগণের কাছে গিয়ে তাদের প্রয়োজনীয় কাজ করে দিয়ে আসব।

মঙ্গলবার বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ চলবল এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা ও হোলি উৎসব পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল রহমান জানান, দক্ষিণ চলবলের এই আশ্রমে প্রতি বছর হাজার হাজার ভক্ত সমবেত হন। বিষয়টি বিবেচনায় নিয়ে গত বছর তিনি এলাকাটি পরিদর্শন করেন এবং ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক উন্নয়নের উদ্যোগ নেন। ইতোমধ্যে রাস্তার মাটিকাটার কাজ প্রায় শেষ হয়েছে। শিগগিরই কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে। 

খোকন তালুকদার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উৎসব যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য সরকার ও দলীয় নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে।

উন্নয়ন ও সম্প্রীতির মাধ্যমে এলাকাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনোয়ার হোসেন, কালকিনি উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, বিএনপি নেতা নুরুজ্জামান তালুকদারসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।