সৈয়দপুরে সেমাই কারখানায় অভিযান, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

সৈয়দপুরে সেমাই কারখানায় অভিযান, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন সেমাই কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‌্যাব-১৩ ও আনসার সদস্যদের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, অভিযানে একাধিক কারখানায় অনুমোদনহীন রং ও কৃত্রিম ফ্লেভার ব্যবহারের প্রমাণ মিলেছে। কারখানায় খাদ্যপণ্যে ব্যবহারের অনুপযোগী আয়োডিনযুক্ত লবণ মজুত রাখা হয়েছিল। পাশাপাশি অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করা হচ্ছিল।

এছাড়া পণ্যের মোড়কে উল্লেখ করা উপাদানের সঙ্গে বাস্তবে ব্যবহৃত উপাদানের মিল পাওয়া যায়নি। উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি মানা হয়নি এবং নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হয়েছে।

অভিযানে সৈয়দপুরের নিয়ামতপুর এলাকার রসনি সেমাই কারখানাকে ৩০ হাজার টাকা, তাজ ফুড প্রোডাক্টস সেমাই কারখানাকে ৬০ হাজার টাকা এবং নাজ ফুড প্রোডাক্টস সেমাই কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘ঈদ কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে ভেজাল বা নিম্নমানের পণ্য বাজারজাত করতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি। জনস্বার্থ ও ভোক্তাস্বার্থ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।