এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সঠিক ও আপডেট তথ্য প্রদানের নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। প্রয়োজনে ২৪/৭ জরুরি যোগাযোগ নম্বর চালু রাখার ওপরও তিনি জোর দেন।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট শিডিউল ব্যবস্থাপনা ও যাত্রীসেবা নিশ্চিতে করণীয় নির্ধারণী এক সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন।
সভায় মন্ত্রী বলেন, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এছাড়া যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা খুব কম আছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
বিমানমন্ত্রী আরো বলেন, এয়ারলাইন্সগুলো যেন কোনোভাবেই যাত্রীদের থেকে বিচ্ছিন্ন না হয়। প্রয়োজনে ২৪ ঘণ্টা খোলা থাকে এমন হেল্পলাইন চালু করতে হবে।
পাশাপাশি এই সংকটকালীন সময়ে কোনো ধরণের অতিরিক্ত চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
উপস্থিত কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের আকাশসীমা বন্ধ রয়েছে। সর্বশেষ সৌদি আরবের দাম্মামেও ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। ভুল তথ্যের কারণে যাত্রীরা বিভ্রান্ত ও ভোগান্তির শিকার হচ্ছেন।
পরিস্থিতি স্বাভাবিক হলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বক্তব্য দেন। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ।