বাহরাইনে নিহত তারেকের পরিবারের পাশে সাঈদ আল নোমান

বাহরাইনে নিহত তারেকের পরিবারের পাশে সাঈদ আল নোমান

সংগৃহীত ছবি

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিন তারেকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানপুত্র ও চট্টগ্রাম ১০ আসনের এমপি সাঈদ আল নোমান।

মঙ্গলবার রাতে (৩ মার্চ) পরিবারের খোঁজখবর নিতে তারেকের বাসভবনে যান তিনি।

এসময় সাঈদ আল নোমান বলেন, প্রবাসী বাংলাদেশি আবুল মহসিন তারেকের মর্মান্তিক অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার একমাত্র মেয়ে তাসনিম তামান্নার সঙ্গে কথা বলেছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছি।

তিনি আরো জানান, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছি। বাহরাইনে বিমান যোগাযোগ শুরু হলে আমাদের ভাই, রেমিট্যান্স যোদ্ধা তারেকের মরদেহ যথাযথ মর্যাদায় দেশে আনার ব্যবস্থা করা হয়েছে।

সাঈদ আল নোমান বলেন, প্রবাসে কর্মরত আমাদের ভাইয়েরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।

তাদের ঘামে-রক্তে অর্জিত রেমিট্যান্স আমাদের উন্নয়নকে গতিশীল করছে। তাদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা।

প্রসঙ্গত, গত সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় দায়িত্ব পালনকালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা একটি ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তার মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

তারেকের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায়। তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় বসবাস করেন।