ফরিদপুরের চরভদ্রাসনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি
ফরিদপুরের চরভদ্রাসনে রুনা আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে উপজেলার সদর ইউনিয়নের খালাসীডাঙ্গী গ্রামে স্বামীর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
রুনা আক্তারের স্বামীর নাম রুবেল শেখ (৩০)। তাদের দুজন শিশুসন্তান রয়েছে।
সন্তানরা হলো রাহিম শেখ (৮) ও রাইসা আক্তার (৩)। ওই এলাকার জাকেরের ডাঙ্গী গ্রামের নুরু মৃধার মেয়ে রুনা আক্তার।
স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
স্বামী রুবেল শেখ জানান, ঘটনার রাতে তারা সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন।
সাহরি খাওয়া শেষে রুবেল শেখ প্রাকৃতিক ডাকে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখেন, তার স্ত্রী গলায় রশি নিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন এবং ছটফট করছেন। তাৎক্ষণিকভাবে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে নামিয়ে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হাসপাতাল থেকে বিষয়টি জানতে পেরে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। গলায় রশি নেওয়ার ইস্যু নিয়ে গৃহবধূকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে।