গোপালগঞ্জে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
সংগৃহীত ছবি
বাংলাদেশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম মাহতাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এম মশিউল আজম।
বুধবার সর্বসম্মতিক্রমে তাদের এ দায়িত্ব দেওয়া হয় বলে সংগঠনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এস এম মাহতাব উদ্দিন দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব পালন করে আসছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি এস এম মাহতাব উদ্দিন বলেন, ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষা প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনা হবে। সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের পেশাগত স্বার্থ রক্ষায় কাজ করব।’
নতুন কমিটিকে জেলার শিক্ষা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।