বরিশালে ২৪ জেলের জরিমানা
ফাইল ছবি
বরিশালের মেঘনা নদীতে অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে ২৪ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার পরিচালিত অভিযানে আটকদের জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অভ্র জ্যোতি বড়াল।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত হিজলা উপজেলার মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান করে ২৪ জেলেকে আটক করে।
জরিমানা দেয়া জেলেরা হলেন- বশির আকন, নাজমুল, আরিফ হোসেন, সাইদুল ঢালী, ফরিদ সরদার, মো. শাহীন, মোহাম্মদ আলী, দেলোয়ার হোসেন, মো. সোহাগ, সাগর হোসেন হাওলাদার, ইয়াছিন মোল্লা, খলিলুর রহমান, আবু হানিফ, বাবুল হোসেন, মো. হারুন, মো. নাইম, মো. সবুজ, নজরুল ইসলাম, মো. রাকিব, মো. সজিব, মো. বাকের ঢালী, মো. মনির, বাকের বিশ্বাস ও আজাদ।
হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, জাটকা ইলিশ রক্ষায় বর্তমানে মেঘনা নদীর ৮২ কিলোমিটার এলাকা অভয়াশ্রম হিসেবে মাছ শিকার নিষিদ্ধ রয়েছে। ওই নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকাররত অবস্থায় ২৪ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৫ হাজার মিটার কারেন্ট জাল। পরে আটককৃতদের ১৭ জনকে দুই হাজার করে এবং সাত এক হাজার টাকা করে মোট ৪১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জেলেরা মুচলেকা ও জরিমানা দিয়ে মুক্ত হয়েছে। এছাড়াও উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।