একাই লড়লেন বেথেল, শেষ মুহূর্তে যেভাবে ম্যাচ জিতে নিল ভারত

একাই লড়লেন বেথেল, শেষ মুহূর্তে যেভাবে ম্যাচ জিতে নিল ভারত

সংগৃহীত ছবি

রানবন্যার ম্যাচে শেষ পর্যন্ত হাসল ভারতের মুখই। পাহাড়সম লক্ষ্য তাড়া করে জয়ের আশা জাগিয়েছিল ইংল্যান্ড। জ্যাকব বেথেলের দারুণ সেঞ্চুরিতে ম্যাচটাও জমে উঠেছিল শেষ পর্যন্ত। কিন্তু শেষ হাসি হেসেছে ভারত। ৭ রানের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ডকে বিদায় দিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান তোলে ভারত। জবাবে ইংল্যান্ড লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ২৪৬ রানেই থেমে যায়। ফলে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।

ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার ফিল সল্ট। হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দেন তিনি। আউট হওয়ার আগে করেন ৫ রান।

দ্বিতীয় উইকেটে নামা দলনেতা হ্যারি ব্রুকও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬ বলে ৭ রান করে ফিরে যান তিনি। পাওয়ার প্লেতে আরেকটি উইকেট হারায় ইংল্যান্ড। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হওয়ার আগে ১৭ বলে ২৫ রান করেন জস বাটলার।

তিন উইকেট হারালেও রানের গতি ধরে রাখে ইংল্যান্ড। ৬ ওভারে তারা তোলে ৬৮ রান। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন জ্যাকব বেথেল। তাকে কিছুটা সঙ্গ দেন টম ব্যান্টন, উইল জ্যাকস।

টম ব্যান্টন ৫ বলে ১৭ রান করে ফিরলেও আক্রমণ চালিয়ে যান বেথেল। উইল জ্যাকস করেন ২০ বলে ৩৫ রান। স্যাম কারান যোগ করেন ১৪ বলে ১৮ রান।

এদিকে নিজের ছন্দে খেলতে থাকেন বেথেল। মাত্র ১৯ বলে তুলে নেন অর্ধশতক। এরপর সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৮ বলে ১০৫ রান করে থামেন এই ব্যাটার। তার ইনিংসে ছিল সাতটি চার, আটটি ছয়।

ভারতের হয়ে দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। এছাড়া একটি করে উইকেট নেন অন্য চার বোলার।

এর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে ভারত। শুরুতেই আউট হন ওপেনার অভিষেক শর্মা। ৯ রান করে ফিরলেও দলকে চাপে পড়তে দেননি স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ।

দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করেন ৯৭ রান। ইশান কিষাণ ১৮ বলে ৩৯ রান করে আউট হন।

এরপর ব্যাট হাতে দারুণ খেলেন স্যাঞ্জু স্যামসন। সেঞ্চুরির পথে এগোলেও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়েই ফিরতে হয় তাকে। উইল জ্যাকসের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪২ বলে ৮৯ রান করেন তিনি। তার ইনিংসে ছিল আটটি চার, সাতটি ছয়।

দ্রুত রান তুলতে চার নম্বরে নামানো হয় শিবম দুবেকে। ২৫ বলে একটি চার, চারটি ছয়ে ৪৩ রান করেন তিনি।

দলনেতা সূর্যকুমার যাদব ৬ বলে ১১ রান করেন। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা। হার্দিক করেন ১২ বলে ২৭ রান। তিলক ভার্মা করেন ৭ বলে ২১ রান।

এছাড়া অক্ষর প্যাটেল ২ রানে অপরাজিত থাকেন। বরুণ চক্রবর্তী রান না করেই অপরাজিত ছিলেন।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন উইল জ্যাকস, আদিল রশিদ। একটি উইকেট নেন জোফরা আর্চার।