জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা, ঘাতক স্বামী আটক
সংগৃহীত ছবি
জামালপুর শহরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে এক আইনজীবী স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে সদর উপজেলার দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক হওয়া ব্যক্তি হোসেন তাইফুর, যিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। নিহত তাহমিনা আক্তার তানিয়া দুই সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে হোসেন তাইফুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করে হত্যা করেন তাইফুর। পরে ঘটনাটি আড়াল করতে ঘরের বিছানায় মরদেহ রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়।
এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ।
নিহতের স্বজনরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত তাইফুরকে আটক করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’