লড়াই চালিয়ে যাওয়ার বার্তা রিয়াল মাদ্রিদ কোচের

লড়াই চালিয়ে যাওয়ার বার্তা রিয়াল মাদ্রিদ কোচের

সংগৃহীত ছবি

পরপর দুই ম্যাচে হার। শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে চার পয়েন্টে। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না আলভারো আরবেলোয়া। রিয়াল মাদ্রিদ কোচ বলছেন, যতক্ষণ গাণিতিকভাবে লা লিগা জয়ের সম্ভাবনা থাকবে, ততক্ষণ লড়াই চালিয়ে যাবেন তারা।

ঘরোয়া লিগে গত সোমবার গেতাফের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে হারে রিয়াল। এর আগের রাউন্ডে গত মাসে তারা ২-১ গোলে হারে ওসাসুনার মাঠে। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। জয়ে ফেরার লড়াইয়ে শুক্রবার (৬ মার্চ) সেল্তা ভিগোর মাঠে খেলবে রিয়াল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আরবেলোয়া বললেন, এখন তাদের ভাবনায় শুধুই এই ম্যাচ।

রিয়াল মাদ্রিদ কোচ বলেন, লিগে আমরা টানা দুই ম্যাচ হেরেছি। প্রত্যাশা ও চাপের কারণে রেয়াল মাদ্রিদের মতো ক্লাবে পরাজয় সামলানো সবসময়ই কঠিন। তবে এই মুহূর্তে আমরা কেবল আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছি।

লিগ জিততে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা বললেন রিয়াল কোচ। শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান যে খুব বড় নয়, সেটাও মনে করিয়ে দিলেন তিনি। আলভারো আরবেলোয়া বলেন, আমাদের এখনও ৩৬ পয়েন্টের জন্য খেলতে হবে, আমরা ৪ পয়েন্ট পিছিয়ে আছি, ১৮ নয়। আর পরিস্থিতি যাই হোক না কেন, এটা রেয়াল মাদ্রিদ, তাই যতক্ষণ আমরা গাণিতিকভাবে লড়াই করতে পারব, আমরা করব। আর যদি কখনও এমন সময় আসে যে, আমরা গাণিতিকভাবে লড়াই করতে পারব না, তবু আমরা লড়াই চালিয়ে যাব। কারণ এই ক্লাবের মূল লক্ষ্য এটাই।

চোটের কারণে আগেই কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামকে হারিয়েছে রিয়াল। সবশেষ ম্যাচের পর হাঁটুর গুরুতর চোটে বাকি মৌসুমের জন্য ছিটকে গেছেন রদ্রিগো। পেশির চোটে ডাভিড আলাবা ও কার্ডের খাঁড়ায় আরেক ডিফেন্ডার ডিন হাউসেনও খেলতে পারবেন না সেল্তার বিপক্ষে।