হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি
রাজধানীর হাজারীবাগ এলাকায় মনোয়ার হোসেন ভাষান (৪৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনোয়ার হোসেন ভাষান চর্বি ও চামড়ার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি হাজারীবাগের গোল্ডেন সিটি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তার বাবার নাম কাজী আলিউজ্জামান।
মৃতের ছোট ভাই দেলোয়ার হোসেন আরজু জানান, রাতে সবার অগোচরে নিজ কক্ষের বারান্দায় কাঠের দরজার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন মনোয়ার। পারিবারিক কলহ ও ব্যবসায়িক ক্ষতির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।