নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ছাফামনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এই ঘটনা ঘটেছে।
ছাফামনি উপজেলার মেহারী ইউনিয়নের পুরকুইল গ্রামের আশরাফুল ইসলামের একমাত্র মেয়ে।
শিশুর মামা মিজানুর রহমান রুমেন জানান, গত সোমবার তার বাবা-মা, ভাইসহ পরিবারের বেশ কয়েকজন ওমরাহ পালন করতে যান। এ উপলক্ষে দুই বোনও তাদের সন্তানদের নিয়ে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরের দিকে সবার অজান্তে ভাগনি ছাফামনি পুকুরের ঘাটলায় গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ ধরে তার সাড়াশব্দ না পেয়ে তার মা লিমা আক্তার বাড়ির সব ঘরে ও আশপাশে খুঁজতে শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে খুঁজতে গিয়ে পুকুরের ঘাট থেকে কিছু দূরে ভাসমান অবস্থায় পাওয়া যায় ছাফামনিকে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।