সরকার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে : ফারুক

সরকার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে : ফারুক

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপি

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপি বলেছেন, সরকার গঠনের পর মাত্র দুই মাসের মধ্যেই নির্বাচনের আগে দেওয়া ইশতেহার বাস্তবায়নের চেষ্টা জনগণের মধ্যে আস্থা তৈরি করেছে। এই আস্থা ভবিষ্যতে আরও বাড়বে এবং দেশে আর কোনোদিন অগণতান্ত্রিক কর্মকাণ্ড ঘটবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে।সরকার যেভাবে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছে, এভাবে কাজ করতে থাকলে সরকারের প্রতি জনগণের আস্থা দিন দিন আরও বৃদ্ধি পাবে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালে দেশের সংকটময় সময়ে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জিয়াউর রহমান জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন, যা পরবর্তীতে মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতার মধ্যেও তিনি দলকে সংগঠিত রেখেছেন এবং গণতন্ত্রের পক্ষে আন্দোলন চালিয়ে গেছেন।

ফারুক বলেন, জিয়াউর রহমানের আদর্শই তাঁকে রাজনীতিতে টিকে থাকতে অনুপ্রাণিত করেছে। তিনি উল্লেখ করেন, জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করে নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্রের পক্ষে সংগ্রাম চালিয়ে গেছেন এবং তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন।

বর্তমান নেতৃত্ব প্রসঙ্গে ফারুক বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার দেশের উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নত হবে, বেকারত্ব কমবে এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, অতীতে গুম, খুন ও রাজনৈতিক নির্যাতনের ঘটনা ঘটেছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় ভূমিকা রেখে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, দেশে বিভিন্ন সময়ে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে এবং বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁকে গুম করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সংগঠনের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন বকাউলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাইল হোসেন সিরাজী সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।